ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১১, ২৪ নভেম্বর ২০২০

কানাডার বেগম পাড়ার সাহেবদের ধরা হবে: কাদের

ফাইল ছবি

ফাইল ছবি

কানাডার বহুল আলোচিত বেগমপাড়ার সাহেবদের ধরতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদককে এ ব্যাপারে সার্বিক তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, পররাষ্ট্রমন্ত্রী কানাডার বেগম পাড়ার বিষয়টি নজরে আনার পর থেকেই সক্রিয় হয়েছে সরকার। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদককে এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করার নির্দেশ দিয়েছেন। দুদকের তদন্তে যাদের নাম বের হয়ে আসবে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বেগমপাড়ায় যারা অর্থপাচার করেছেন, তাদের মধ্যে সরকারি আমলার সংখ্যা বেশি, পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, যারা অর্থপাচার করেছে, আমাদের কাছে তাদের পরিচয় অর্থপাচারকারী। তারা যেই হোক ধরা হবে। এর মধ্যে যদি কোন সরকারী কর্মকর্তা থাকেন, তাদের মধ্যে কেউ যদি মনে করেন তিনি সরকারের কাছের লোক, তাদেরও ছাড় দেয়া হবে না।

কারা বিদেশে অর্থপাচারের সঙ্গে জড়িত, সরকারের কাছে এমন কোন তথ্য আছে কিনা, এ প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, তদন্ত শেষে পাচারকারীদের নামও প্রকাশ করা হবে।

সম্প্রতি ডিআরইউর মিট দ্যা প্রেস অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, স্থানীয়ভাবে পাওয়া তথ্যে তারা জানতে পেরেছেন, কানাডার একটি এলাকায় বেশ কিছু বাংলাদেশি বাড়ি গাড়ি গড়ে তুলেছেন। তবে তাদের মধ্যে রাজনীতিবিদ মাত্র চারজন। অর্থপাচারকারীদের মধ্য বেশিরভাগই সরকারি আমলা। এ বক্তব্যের পর সরকারের বিভিন্ন মহলে চাঞ্চল্য তৈরি হয়। এর মধ্যে হাইকোর্টও তাদের পরিচয় জানতে চেয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়