ঢাকা, রোববার ৩০ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৪, ২৪ নভেম্বর ২০২০

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফরিদুল হক খান

ফাইল ছবি

ফাইল ছবি

জামালপুর-২ আসনের (ইসলামপুর) সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। 

আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান। করোনা পরিস্থিতির কারণে বঙ্গভবনে সংক্ষিপ্ত পরিসরে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত ১৩ জুন রাতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ মারা যান। অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা যান তিনি। পরে কোভিড-১৯ পরীক্ষায় তার ফলাফল পজেটিভ আসে। এই দায়িত্বে অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত ফরিদুল হক খানই পদটি পেলেন।

কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী না থাকলে সেই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব চলে যায় প্রধানমন্ত্রীর কাছে। সেই থেকে ধর্ম মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীনে ছিল।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। এরপর ২০১৯ সালের ৭ জানুয়ারি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। ৪৬ সদস্যের ওই মন্ত্রিসভায় ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে রয়েছে ছয় মন্ত্রণালয়।

এরপর ছোট আকারে দুই দফা পরিবর্তন আনা হয় মন্ত্রিসভায়। বর্তমানে মন্ত্রিসভায় মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী ১৮ জন ও উপমন্ত্রী রয়েছেন তিনজন। ফরিদুল হক খান প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হলে প্রতিমন্ত্রী দাঁড়াবে ১৯ জনে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়