ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩:১২, ৪ মার্চ ২০২১
আপডেট: ০৩:২৯, ৪ মার্চ ২০২১

এইচ টি ইমামের ৮২ বছর

এইচ টি ইমাম

এইচ টি ইমাম

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক (এইচ টি) ইমাম। বাংলাদেশের রাজনীতিতে তিনি এইচ টি ইমাম নামে বেশি পরিচিত ছিলেন। তদানিন্তন পূর্ব পাকিস্তানের উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তা হয়েও ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। প্রবাসী বাংলাদেশ সরকার পরিচালনায় রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। এছাড়া স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বও পালন করেছিলেন এইচ টি ইমাম। তিনি ছিলেন একজন সুবক্তা ও সুলেখক। বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরিচালনা বিষয়ে তার মূল্যবান কয়েকটি গ্রন্থ রয়েছে।

প্রাথমিক জীবন

এইচ টি ইমামের জন্ম ১৯৩৯ সালের ১৫ জানুয়ারি টাঙ্গাইল শহরে। তার পিতার নাম তাফসির উদ্দীন আহমেদ ও মাতার নাম তাহসিন খাতুন। পিতার চাকুরি সূত্রে রাজশাহীতেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এইচ টি ইমাম। পরবর্তীতে তিনি পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও কলকাতায় লেখাপড়া করেন।

শিক্ষা জীবন

এইচ টি ইমাম ১৯৫২ সালে ঢাকা কলেজিয়েট হাইস্কুল থেকে মাধ্যমিক পাস করেন। এরপর ভর্তি হন পাবনা এডওয়ার্ড কলেজে। ১৯৫৪ সালে সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ভর্তি হন রাজশাহী কলেজে। রাজশাহী কলেজ থেকে ১৯৫৬ সালে তিনি অর্থনীতিতে অনার্সসহ বি.এ. ডিগ্রী অর্জন করেন। ওই সময় প্রগতিশীল ছাত্র রাজনীতির সঙ্গে বিশেষ করে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে পড়েন তিনি। ১৯৫৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ. ডিগ্রী অর্জন করেন।

কর্মজীবন

ঢাকা বিশ্ববিদ্যালয় এম.এ. পাস করে রাজশাহী সরকারি কলেজের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন এইচ টি ইমাম। এরপর ১৯৬২ সালে তিনি যোগ দেন পাকিস্তান সিভিল সার্ভিসে। পাকিস্তান সিভিল সার্ভিসে সদস্য হিসেবে তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে চাকুরি করেন। শুরুতে (১৯৬২-১৯৬৩ মেয়াদে) তিনি রাজশাহী কালেক্টরেটে অ্যসিন্ট্যান্ট কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন।

এরপর পদোন্নতি পেয়ে ১৯৬৩-১৯৬৪ নওগাঁ মহকুমা মহকুমা প্রশাসক বা এসডিও হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি নারায়ণগঞ্জ মহকুমার এসডিও হিসেবে বদলি হন এবং প্রায় এক বৎসর দায়িত্ব পালন করেন। ১৯৬৫ সালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিযুক্ত হন তিনি।

একাত্তরের মুক্তিযুদ্ধকালীন সময়ে অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রথম ক্যাবিনেট সচিবের দায়িত্ব পালন করেন এইচ টি ইমাম। ওই বছরের ১৬ ডিসেম্বরের পর স্বাধীন বাংলাদেশে ক্যাবিনেট সচিবের দায়িত্ব পালন করতে থাকেন। ১৯৭১ এর মার্চ মাসে পালন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব। ১৯৭৫ সালের ২৬ আগস্ট ক্যাবিনেট সচিবের পদে নিযুক্ত ছিলেন তিনি। পরে ১৯৭৮ থেকে ১৯৮৪ পর্যন্ত সাভারস্থ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন।

১৯৮৪ থেকে ১৯৮৬ পর্যন্ত পালন করেন সড়ক এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব। সেখান থেকে ১৯৮৬ থেকে ১৯৮৭ পর্যন্ত ছিলেন পরিকল্পনা সচিবের পদে। এছাড়া যমুনা মাল্টিপারপাজ ব্রিজ অথরিটির এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

রাজনৈতিক জীবন

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন এইচ টি ইমাম। ২০০৯ থেকে তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন। ২০০৯ সালের আওয়ামী লীগ সরকার গঠনের পর তাকে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ২০১৪ তে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দলীয় নির্বাচনি পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। অধিকন্তু বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান হিসেবেও কর্মরত ছিলেন তিনি।

চির বিদায়

৮২ বছর বয়সী এইচ টি ইমাম কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে (২ মার্চ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তথ্যসূত্র- উইকিপিডিয়া

আইনিউজ/আরআর

সংশ্লিষ্ট খবর-

এইচ টি ইমাম আর নেই

এইচ টি ইমামের শারীরিক অবস্থার অবনতি

সিএমএইচে ভর্তি এইচ টি ইমাম

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়