ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৮, ৪ মার্চ ২০২১
আপডেট: ১৯:৫৪, ৪ মার্চ ২০২১

চির নিদ্রায় শায়িত এইচ টি ইমাম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক (এইচ টি) ইমামের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বাদ আছর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, সিরাজগঞ্জের উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা শেষে বেলা দেড়টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বিকেল সাড়ে তিনটা পর্যন্ত রাখা হয়।

এইচ টি ইমামের মরদেহে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম (বীর প্রতীক) ও প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এরপর আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক, আব্দুর রহমান প্রমুখ। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও এইচ টি ইমামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যক্তি পর্যায়ের মানুষ। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এইচ টি ইমামের কফিনে শেষ শ্রদ্ধা জানানো হয়। 

বুধবার (৩ মার্চ) রাত ১টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এইচ টি ইমাম। কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা নিয়ে দুই সপ্তাহ আগে সিএমএইচে ভর্তি হন তিনি।

তিনি ছিলেন একজন পরিচিত রাজনীতিবিদ। ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা হয়েও তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। প্রবাসী সরকার পরিচালনায় তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়া স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বও পালন করেন এইচ টি ইমাম।

আইনিউজ/আরআর

সংশ্লিষ্ট খবর-

শহীদ মিনারে এইচ টি ইমামকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা

এইচ টি ইমামের প্রথম জানাজা সম্পন্ন, নেয়া হচ্ছে কেন্দ্রীয় শহিদ মিনারে

এইচ টি ইমামের ৮২ বছর

এইচ টি ইমাম আর নেই

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়