ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৩, ১৮ এপ্রিল ২০২১
আপডেট: ০০:১৩, ১৮ এপ্রিল ২০২১

৫১ আলেমের বিবৃতিতে উঠে এসেছে হেফাজতের হাতে ইসলাম নিরাপদ নয়

হেফাজতের হাতে ইসলাম নিরাপদ নয় দাবি করে ৫১ আলেম এক বিবৃতিতে বলেছেন, দেশে ফিতনা সৃষ্টিকারী ফাসেকের দল, হেফাজতে ইসলামকে বর্জন করুন।

শনিবার (১৭ এপ্রিল) দেশের ৫১ আলেম গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।

ওই বিবৃতিতে তারা বলেন, হেফাজতের এ নেতৃত্ব কিংবা যারা এ নেতৃত্ব অনুসরণ করছেন, দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তারা শুধুমাত্র ইসলামের শত্রু নয়, তারা দেশ ও দশের শত্রু। যখন দেশবাসীর কাছে তাদের চেহারা উন্মোচিত হয়েছে, তখন তারা এই পবিত্র রমজান মাসে মিথ্যার আশ্রয় নিয়ে দেশবাসীকে ইসলামের দোহাই দিয়ে তাদের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে নিজেদের অপকর্ম আড়াল করার জন্য মিথ্যা বিবৃতির আশ্রয় নিয়েছেন।

বিবৃতিদাতারা বলেন, তাই আমরা আলেমসমাজ এসব ফেতনা সৃষ্টিকারী ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে দেশের প্রতিটি মুসলমান ভাই-বোনদের সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের প্রতি হেফাজত নেতাদের বর্জনের আহ্বান জানিয়ে বলা হয়, কওমি মাদ্রাসার ছাত্র–শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান জানাব—এসব মতলববাজ, রাজনৈতিক দুরভিসন্ধিদৃষ্ট আলেমদের বর্জনের জন্য। যাতে তারা আমাদের ধর্মীয় অনুভূতি ব্যবহার করে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করতে না পারে।

বিবৃতিতে স্বাক্ষরকারী আলেম-ওলামাদের মধ্যে রয়েছেন মাওলানা মো. ইসমাঈল হোসাইন, শাইখুল হাদিস মাওলানা মো. শাহাদাত হোসেন, কাজী মাওলানা শাহ মো. ওমর ফারুক, ডা. অধ্যাপক আল ইমরান, মাওলানা মো. মুফতি সাহাবুদ্দিন ভূইয়া, মাওলানা মো. মুহিবুল্লাহ, মাওলানা মো. গোলাম মোস্তফা, মাওলানা মো. আবদুল আজিজ, মাওলানা মো. মোস্তফা চৌধুরী, মাওলানা মো. ইলিয়াস হোসাইন প্রমুখ।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়