ঢাকা, শনিবার   ২৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৯, ৮ মে ২০২১
আপডেট: ২৩:০৯, ৮ মে ২০২১

ঈদে ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে সকাল থেকে ফেরিঘাটে বিজিবি মোতায়েন

করোনাকালীন এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বারবার নির্দেশের পরেও ঈদ পালন করতে গ্রামের দিকে ছুটছেন মানুষ। আর এই নিয়ে গত দুইদিন ফেরিঘাটে ছিলো গাদাগাদি ভিড়, এতে নেই কোনও স্বাস্থ্যবিধিও। এবার ফেরিঘাটের ভিড় ঠেকাতে বিজিবি মোতায়েন করছে সরকার। 

ফেরিঘাটে আগামীকাল রবিবার (৯ মে) থেকে মাঠে নামছে বিজিবি। শনিবার (৮ মে) বিকেলে মানিকগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক এস এম ফেরদৌস বিজিবি মাঠে নামার বিষয়টি জানান। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা শরীফুল ইসলামও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তিনি আরো জানান, বিজিবির ৩ টি টিমের মধ্যে একটি টিম মানিকগঞ্জের প্রবেশ মুখ ধল্লা, দ্বিতীয় টিম বারবারিয়া ও একটি টিম পাটুরিয়া ঘাট এলাকায় অবস্থান করবে।

জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক এস এম ফেরদৌস এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সম্পাদক শাহাজাহান বিশ্বাস, সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাভলু, আহম্মেদ সাব্বির সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিহির প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, সাবেক যুগ্ম সাধরণ সম্পাদক শাহানুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় আলোচনায় গুরুত্ব পায়, করোনা পরিস্থিতি এবং আসন্ন ঈদকে কেন্দ্র করে মানুষের ঘরে ফেরা।

দিনে বন্ধ থাকবে ফেরি, রাতে শুধু পণ্যবাহী পরিবহন পারাপার

করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ থাকবে। তবে রাতে শুধু পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য চলবে ফেরি।

শুক্রবার (৮ মে) রাতে সরকারি নির্দেশনা মোতাবেক এমন সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি।

এর আগের দুই দিনের চিত্রে দেখা যায়, ঈদে গণপরিবহন বন্ধ থাকায় গাদাগাদি করে মানুষ ফেরিতে পার হচ্ছেন। শুক্রবার ছুটির দিন এ প্রবণতা বহুগুণে বেড়ে যায়। দিনভর হাজার হাজার মানুষ গাদগাদি করে ফেরি পার হয়। এমন অবস্থায় নেই কোনও স্বাস্থ্যবিধি। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়