ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৮, ৪ জুন ২০২১
আপডেট: ২৩:৫১, ৪ জুন ২০২১

পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাইকারী চিহ্নিত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

গাড়ির সামনে ও পেছনে প্রটোকল থাকার পরও রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। এ ঘটনার ছয় দিনের মাথায় সেই ছিনতাইকারীকে চিহ্নিত করেছে পুলিশ।

শুক্রবার (৪ জুন) রাতে মন্ত্রীর মোবাইল ফোন ছিনতাইকারীকে চিহ্নিতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন।

তিনি জানান, ‘পরিকল্পনামন্ত্রীর মুঠোফোন ছিনতাইয়ে একজনকে চিহ্নিত করা গেছে। তার নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য পাওয়া গেছে। ওই ব্যক্তি রাস্তাতেই থাকে, রাস্তাতেই ঘুমায়। তাকে ধরতে এখন অভিযান চলছে। আশা করছি, শিগগিরই ওই ছিনতাইকারীকে আমরা গ্রেফতার করতে পারবো।’

পুলিশ জানায়, ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। আশপাশের এলাকার ক্যামেরাগুলো থেকে ছিনতাইয়ের সময়ের ফুটেজ উদ্ধার করা হয়েছে। তবে অস্বাভাবিক কিছুই পায়নি পুলিশ।

কাফরুল থানা পুলিশ জানায়, ইতোমধ্যে চন্দ্রিমা উদ্যানের ভেতরের টোকাই-ছিনতাইকারী, শেরেবাংলা মাঠ সংলগ্ন এলাকার টোকাই, আগারগাঁওসহ আশপাশের এলাকার স্থানীয় এবং সন্দেহভাজনদের থানায় আনা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে মোবাইলের কোনো তথ্য পাওয়া যায়নি।

এই ঘটনায় কাফরুল থানায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত করছে থানার উপ-পরিদর্শক (এসআই) জিএম ফরিদুল আলম।

উল্লেখ্য, গত ৩০ মে রাজধানীর বিজয় সারণী এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাই হয়। এ ঘটনায় মন্ত্রীর পিএস মামলা করেন।

পরে ১ জুন বিবিসি বাংলাকে সেদিনের ঘটনার বিবরণ দেন পরিকল্পনামন্ত্রী। তার দেয়া বক্তব্য অনুসারে, ঝড়ের মতো এসে মোবাইল নিয়ে চলে যায় লোকটি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়