ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

প্রকাশিত: ১৫:১৬, ৬ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৫:১৬, ৬ সেপ্টেম্বর ২০১৯

মামলা হচ্ছে সাকিবকে ফুল দেওয়া 'মিতা'র নামে

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন হঠাৎ করেই স্টেডিয়ামের দর্শকদের চোখে অদ্ভুত এক দৃশ্য দেখা দেয়। খেলা চলার সময় কোনো এক যুবক হাটুগেড়ে সাকিবলে ফুল দিতে দেখা যায়। যে যুবক ফুল দিলেন, তিনি নামের খাতিরে তারকা ক্রিকেটারের ‘মিতা’। এবার সাকিবের এই মিতার নামে পুলিশের পক্ষ থেকে নামে মামলা করা হচ্ছে।

সবার চোখ ফাঁকি দিয়ে মাঠে ঢোকা ওই যুবকের নাম ফয়সাল আহমেদ। সাকিবের ডাকনামও ওই ‘ফয়সাল’!

শুক্রবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা চলছে তখন। ১০৭তম ওভার। স্বাগতিক অধিনায়ক সাকিব দিনে প্রথমবার আসেন বোলিংয়ে। ৩ বল পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু এরপর দেখা যায় পশ্চিমের গ্যালারির যে দিকে দুই নম্বর গেট সেটির কাঁটাতারের দেয়াল টপকে মাঠের ভেতর লাফিয়ে পড়ছেন এক যুবক। তাতে মচকে যায় পা।

চট্টগ্রামেরই এনায়েত বাজারের ফয়সাল ছুটে যেতে থাকেন মাঠের মাঝে। সাকিবের কাছে এসে স্যালুট ঠোকেন। স্যালুট ঠুকেই তড়িঘড়ি করে এক হাঁটুতে ভর করে দুই হাতে সামনে ফুল এগিয়ে দেন।

সাকিব প্রথমে ফুল নিতে রাজি হন না। তাকে চলে যেতে বলেন। ভক্ত নাছোড়বান্দা। পরিস্থিতি দ্রুত সামলে নিতে ফুল নিয়ে পাগলাটে ভক্তকে একচোট বকে দেন সাকিব। এর মধ্যে নিরাপত্তার দায়িত্বে থাকা দুজন ছুটে এসে ফয়সালকে মাঠের বাইরে টেনে নেন। কাঁদতে কাঁদতে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ফয়সাল।

আড়ালে নিয়ে তাকে সামান্য চড় থাপ্পড় দেয়া হয়। নেওয়া হয় পাহাড়তলি থানায়। গাড়ি ছাড়ার আগেও কাঁদতে থাকা ফয়সাল বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমাকে মাফ করে দেন। আমি আর করবো না।’

স্টেডিয়ামের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা চট্টগ্রামের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) এএএম হুমায়ুন কবির বলেন, ‘ছেলেটাকে ছেড়ে দেয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো মামলা করলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আর পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তা ভাঙার অপরাধে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ায় যাওয়া হবে। তাকে আদালতে তোলা হবে।’

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়