ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৭, ২৫ জুন ২০২১
আপডেট: ২৩:১০, ২৫ জুন ২০২১

দেশে করোনা পরিস্থিতি হতে পারে ভারতের চেয়েও ভয়ঙ্কর

বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। ছবি: বিবিসি

বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। ছবি: বিবিসি

দেশে করোনা সংক্রমণের যে ঊর্ধ্বগতি সেটা ঠেকানো না গেলে পরিস্থিতি ভারতের চেয়েও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় টেকনিক্যাল কমিটির সভাপতি ডা. মো. শহীদুল্লাহ।

শুক্রবার (২৫ জুন) তিনি জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের সঙ্গে আলাপকালে বলেন, ‘এখন যা পরিস্থিতি তাতে সংক্রমণ ঠেকানো না গেলে যে অবস্থা হবে তা আমরা কল্পনাও করতে পারছি না ৷ ভারতের চেয়েও খারাপ হবে ৷ তাই আমরা ১৪ দিনের জন্য পুরো দেশ শাটডাউনের সুপারিশ করেছি ৷’

এই শাটডাউন কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, ‘জরুরি ওষুধ এবং খাদ্য সরবারাহ ছাড়া সব কিছু বন্ধ থাকবে ৷ মানুষকে ঘরে থাকতে হবে ৷ তা না হলে আমরা এখন যে জীবিকার কথা বলছি, খাদ্যের কথা বলছি, তার জন্য লোক থাকবে না ৷ জীবন না থাকলে জীবিকা দিয়ে কী হবে?’

এই বিশেষজ্ঞ বলেন, ‘এর আগে সরকার কখনো লকডাউন, কখনো বিধিনিষেধ আরোপ করেছে ৷ কিন্তু কোনোটাতেই কাজ হয়নি ৷ কারণ, লকডাউন দিয়ে যদি সব কিছু খুলে রাখা হয় তাহলে তো কাজ হবে না ৷ কাজ হয়ও নাই ৷ তাই সত্যিকার অর্থে শাটডাউন দরকার ৷ এটা ১৪ দিন করতে পারলে সংক্রমণ কমে যাবে ৷ স্বাভাবিক হয়ে আসবে ৷ বাঁচতে হলে যে-কোনো উপায়ে এটা করতে হবে ৷’

এদিকে সর্বশেষ আপডেট অনুযায়ী, প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার শুক্রবার (২৫ জুন) রাতে জানান, সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। বিস্তারিত...

এবারের লকডাউনের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, ‘এবারের লকডাউন কঠোর হবে। এটা কার্যকর করতে রাস্তায় থাকবে পুলিশ, বিজিবি। প্রয়োজন হলে সেনাবাহিনীও মোতায়েন করা হবে।’ বিস্তারিত...

শুক্রবার (২৫ জুন) জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০৮ জনের মৃত্যু হয়েছে, যা একদিনের মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৬ জনে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন। এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জনে। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়