ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৪, ২৬ জুন ২০২১
আপডেট: ১৯:২৯, ২৬ জুন ২০২১

চেকপোস্ট বসিয়েও ঠেকানো যাচ্ছে না জনস্রোত

লকডাউন সামনে রেখে সড়কে ঘরমুখো হাজারো মানুষের ঢল

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী সোমবার থেকে দেশব্যাপী সাত দিনের ‘কঠোর লকডাউন’ শুরু হচ্ছে। শুক্রবার এমন ঘোষণা শোনার পর থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন মানুষ। দূরপাল্লার বাস না পেয়ে পিকআপ, মোটরসাইকেল বা বিভিন্ন ছোট বাহনে রাজধানী ছেড়ে যাচ্ছেন হাজারো মানুষ।

অনেকে হেঁটেই রওনা হয়েছেন বাড়ির পানে। মানুষের ঘরে ফেরা বন্ধে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চেকপোস্ট বসানো হলেও ঠেকানো যাচ্ছে না ঘরমুখো মানুষের স্রোত। যে যেভাবে পারছেন মরিয়া হয়ে ছুটছেন গ্রামের পথে।

শনিবার (২৬ জুন) রাজধানীর প্রবেশমুখ ও বাহিরের অন্যতম সড়ক গাবতলী এলাকা, ঢাকা-মাওয়া রোড, ঢাকা-চট্টগ্রাম রোডে, উত্তরার আব্দুল্লাপুরে নেমেছে ঘরমুখো মানুষের ঢল। বাস বন্ধ থাকায় বিভিন্ন যানবাহনে কয়েক ধাপে, কয়েক গুণ ভাড়া বেশি দিয়ে গন্তব্যে ছুটছেন মানুষ। মাইক্রোবাসে চেপে বসা এসব দূরপাল্লার যাত্রীদের অনেকের মুখে মাস্ক ছিল না। স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই ছিল না অনেক গাড়ির চালকদের মধ্যেও। একেকটি মাইক্রোবাসে ১০টি আসনের বিপরীতে অন্তত দুই জন করে অতিরিক্ত যাত্রী নিতেও চোখে পড়েছে।

সরকারের নির্দেশ বাস্তবায়নে জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়িকে ঢাকায় ঢুকতে বা বের হতে না দিলেও ঠেকানো সম্ভব হচ্ছে না মানুষের স্রোত।

একটি বাইকে সর্বোচ্চ দুইজন থাকার কথা থাকলেও অনেক বাইকে তিনজনকেও দেখা গেছে। চেকপোস্টগুলোতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বাড়ি না যেতে মানুষকে নিরুৎসাহিত করলেও কাউকে মানাতে পারছেন না। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছেন বলে দাবি করলেও বাস্তবে তা দেখা যায়নি।

এছাড়া ঢাকার ভেতরে চলাচল করা বাসগুলোতে দুই সিটে একজন করে যাত্রী থাকার কথা থাকলেও সেটাও মানা হচ্ছে না। দুই সিটেই যাত্রী বসে আছে। আবার অনেকে দাঁড়িয়ে যাচ্ছেন।

প্রয়োজনে নামবে সেনাবাহিনী

কোভিড-১৯ সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে সাতদিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

দেশের একটি গণমাধ্যমের সঙ্গে একান্ত আলাপচারিতায় এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘এবারের লকডাউন কঠোর হবে। এটা কার্যকর করতে রাস্তায় থাকবে পুলিশ, বিজিবি। প্রয়োজন হলে সেনাবাহিনীও মোতায়েন করা হবে।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বাজেট সংক্রান্ত যে সকল প্রতিষ্ঠান- যেমন এনবিআর, ব্যাংক এগুলো স্বল্প পরিসরে খোলা থাকবে। বাকি সব বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে।’ বিস্তারিত...

এর আগে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার শুক্রবার (২৫ জুন) রাতে জানান, সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়