ঢাকা, মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,   শ্রাবণ ১৩ ১৪৩৩

প্রকাশিত: ০৫:৪৩, ২৬ মে ২০১৯
আপডেট: ০৫:৪৩, ২৬ মে ২০১৯

হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ

চট্টগ্রাম: হালদা নদীতে ডিম ছাড়া শুরু করেছে কার্প জাতীয় মা মাছ। গতকাল শনিবার রাত পৌনে নয়টায় স্থানীয় জেলেদের মাধ্যমে ডিম দেওয়ার খবর পাওয়া যায়। গতকাল রাত থেকে জেলেদের জালে বাড়তে থাকে ডিম পাওয়ার পরিমাণ। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন আজ রোববার জানান, ঘোনা এলাকায় রোসাংগির নামের এক ডিম সংগ্রহকারী তাঁকে মুঠোফোনে ডিম পাওয়ার সংবাদটি প্রথম জানিয়েছেন। তিনি বলেন, নদীতে প্রতিটি নৌকায় এক থেকে দুই বালতি করে ডিম পেয়েছেন সংগ্রহকারীরা। সরেজমিনে গতকাল রাত দশটা থেকে দিবাগত রাত আড়াইটা পর্যন্ত হালদা নদীর রামদাশ মুন্সিরহাট, নাপিতের ঘাট ও খলিফার ঘোনা এলাকা ঘুরে দেখা যায়, শত শত নৌকা নিয়ে নদীতে জাল ফেলে ডিম সংগ্রহ করছেন অনেকে। রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ডিম সংগ্রহকারীদের সংখ্যাও। ডিম সংগ্রহকারী বাঁচা মিয়া জানান, রামদাশ মুন্সিরহাট এলাকায় নদী থেকে এখন পর্যন্ত তিনি দুই বালতি ডিম পেয়েছেন। গতকাল সকালে নৌকা নিয়ে নদীতে নেমেছেন তিনি। হাটহাজারী উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম এ ব্যাপারে জানান, সংগ্রহকারীরা হাটহাজারী উপজেলার মদুনাঘাট হ্যাচারিতে ৬০টি নৌকায় ১০০ বালতি ডিম ও শাহ মাদারী হ্যাচারিতে ৩০টি নৌকায় ৬০ বালতি ডিম সংগ্রহ করেছেন। প্রতি বালতির ওজন ১৫ কেজি। এ পর্যন্ত ২ হাজার ৪০০ কেজি ডিম দুটি হ্যাচারিতে এসেছে। সময় যত বাড়বে, ডিমের পরিমাণ তত বাড়বে। এবার ২৩০টি নৌকায় প্রায় ৫০০ মানুষ নদী থেকে মাছের ডিম সংগ্রহ করেছেন। এইচএ/ ইএন 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়