ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১২, ২০ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুদ রয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ফাইল ছবি

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের হাতে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখা। বিশেষ করে রমজান মাসে এ দায়িত্বের গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পায়।

শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখন রোজা সামনে রেখে বিশেষ কোনো প্রস্তুতি নেওয়ার সময় ছিল না। তবে ইতিবাচক দিক হচ্ছে, বর্তমানে আমাদের হাতে যে পরিমাণ খাদ্য মজুদ রয়েছে, তা বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট।”

সিলেটের উন্নয়নে অগ্রাধিকার কর্মসংস্থান ও আইটি খাত
সিলেটের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনী প্রচারণা ও ইশতেহারে সিলেটবাসীর জীবনমান উন্নয়নের যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে সরকার কাজ করবে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, আইটি খাতের প্রসার এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, “আমাদের পার্শ্ববর্তী দেশগুলো বড় বড় ডিজিটাল কর্মসূচি গ্রহণ করেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এআই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। আমাদের সক্ষমতা অর্জন করতে হবে।”

মন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছর প্রতিটি দিনকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করবে।

আইটি পার্কে বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তিনি বলেন, কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ অপরিহার্য। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক জটিলতা কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সিলেটে প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতিগত সহায়তা প্রয়োজন। এ বিষয়ে সরকার কাজ করছে এবং খুব শিগগিরই এর বাস্তবায়ন দৃশ্যমান হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়