Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১২ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩:১৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন আলী হোসেন ফকির। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদ থেকে পদোন্নতি দিয়ে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেন। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আলী হোসেন ফকির বর্তমান আইজিপি বাহারুল আলম-এর স্থলাভিষিক্ত হচ্ছেন। বাহারুল আলমকে ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে আইজিপি পদে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। চুক্তির আরও প্রায় নয় মাস বাকি থাকতেই নতুন আইজিপি নিয়োগ দেওয়া হলো।

কর্মজীবন
১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য আলী হোসেন ফকির ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ-এ যোগ দেন। কর্মজীবনে তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর উপকমিশনার হিসেবেও দায়িত্বে ছিলেন।

তিনি রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সিলেটের কমান্ড্যান্ট এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এর খুলনা-৩, ঢাকা-৫ ও সিলেট-৭ ইউনিটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশের প্রতিনিধি হিসেবে কসোভো ও আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও অংশ নিয়েছেন।

আইভরি কোস্ট থেকে ফেরার পর ২০১৩ সালের জানুয়ারিতে তাঁকে রাজশাহী রেঞ্জ ডিআইজির দপ্তরে সংযুক্ত করা হয়। পরবর্তী সময়ে তিনি উল্লেখযোগ্য কোনো পদোন্নতি পাননি। ২০২২ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গত দেড় দশকে ‘বঞ্চনার শিকার’ হিসেবে বিবেচিত বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে পুনর্বহাল করা হয়। আলী হোসেন ফকির এসপি হিসেবে পুলিশে ফিরে আসেন এবং পরে উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পান। ডিআইজি হিসেবে তিনি পুলিশ সদর দপ্তর ও স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন। সর্বশেষ অতিরিক্ত আইজিপি হিসেবে এপিবিএনে কর্মরত ছিলেন।

ব্যক্তিগত পরিচিতি
১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট সদর থানায় জন্মগ্রহণ করেন আলী হোসেন ফকির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।

তাঁর সহধর্মিণী অধ্যাপক নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজ-এর ফিন্যান্স বিভাগের প্রধান। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়