আই নিউজ ডেস্ক
চব্বিশের জুলাই অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনা তদন্তের সুযোগ নেই
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনা তদন্তের কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের সুরক্ষা দিতে ইতোমধ্যে অধ্যাদেশ জারি করা হয়েছে। পাশাপাশি ‘জুলাই সনদে’ এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত রয়েছে এবং সরকার সেই নীতিতেই অটল রয়েছে।
রোববার (১ মার্চ) সচিবালয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সেনাবাহিনী মোতায়েন নিয়ে আলোচনা
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সেনাবাহিনী মাঠে ছিল। ভবিষ্যতেও সশস্ত্র বাহিনী মাঠে থাকবে কি না— সে বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি বিবেচনায় নিয়েই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।
র্যাবের ভবিষ্যৎ ও অবৈধ অস্ত্র উদ্ধারে নির্দেশনা
র্যাবের বিলুপ্তি বা নাম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারতীয় হাইকমিশনার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। বিশেষ করে নিরাপত্তা সহযোগিতা ও সীমান্ত হত্যা বন্ধের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। পারস্পরিক মর্যাদা ও সম্মানের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ধাপে ধাপে টুরিস্ট ভিসা বৃদ্ধি করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
সংসদে উঠছে ১৩৩ অধ্যাদেশ
তিনি আরও জানান, সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ ও একটি আদেশ উত্থাপন করা হবে। এর মধ্যে কোনটি গৃহীত হবে, আংশিক সংশোধিত হবে বা বাতিল হবে— সে সিদ্ধান্ত সংসদেই নেওয়া হবে।
ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি
বৈঠকে ফায়ার সার্ভিসের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার পর নিরাপত্তা জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। দেশের কোনও উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন ছাড়া এলাকা থাকবে না— এমন লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। নতুন জনবল নিয়োগের কথাও জানান তিনি। অতীতে ফায়ার সার্ভিসে দুর্নীতির অভিযোগ ছিল উল্লেখ করে তা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























