আই নিউজ ডেস্ক
নতুন মামলায়ও জামিন পাননি সাবেক মেয়র আইভী
ছবি: সংগৃহীত
নতুন করে গ্রেপ্তার দেখানো একটি মামলায়ও জামিন পাননি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তারের আদালতে তাঁর আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি হত্যা ও হত্যাচেষ্টাসহ পাঁচটি মামলায় বাংলাদেশ হাইকোর্ট থেকে জামিন পান আইভী। তবে সেদিনই পুলিশ তাঁকে দেড় বছর আগের সেলিম মণ্ডল হত্যা মামলায় গ্রেপ্তার দেখায়। এ মামলাটি তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ১১তম মামলা।
সোমবার একই আদালত আইভীকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আদেশ দেন। সেদিনও তাঁর আইনজীবীরা গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করে জামিন আবেদন করলেও তা নামঞ্জুর হয়।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, আগামী সপ্তাহে তাঁরা জেলা জজ আদালতে জামিনের জন্য আবেদন করবেন। সেখানে আবেদন নাকচ হলে তাঁরা পুনরায় উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্রগ্রাম হাইওয়ের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি ভবনে আন্দোলনকারীরা অগ্নিসংযোগ করে। ওই ভবনে অবস্থিত ডাচ বাংলা ব্যাংক এর সিদ্ধিরগঞ্জ শাখায় ইন্টেরিয়র সাজসজ্জার কাজ চলছিল। আগুন লাগার সময় ব্যাংকের ভেতরে আটকা পড়ে পুড়ে মারা যান ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত মিস্ত্রি সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক।
এ ঘটনায় ২০২৫ সালের ৩০ জুন ওয়াজেদ আলী নামের এক ব্যক্তি সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গত ২৬ ফেব্রুয়ারি আইভীকে গ্রেপ্তার দেখানো হয়।
এ নিয়ে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোট ১১টি মামলায় আইভীকে আসামি করা হয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি ইতোমধ্যে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। আরও পাঁচটি মামলার জামিন আবেদন বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন দাবি করেন, সেলিম মণ্ডল হত্যা মামলার এজাহারে সাবেক মেয়রের নাম নেই। কেবল হয়রানির উদ্দেশ্যেই তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে কারাবন্দি রয়েছেন।
ইএন/এসএইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























