আই নিউজ ডেস্ক
ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল
দিনাজপুরের রেলহেড অয়েল ডিপোতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনাল।
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল ভারতের নুমালিগড় রিফাইনারী লিমিটেড থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পৌঁছেছে। আগামী ১৭ এপ্রিল একই পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আনার প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি এপ্রিল মাসে এই পাইপলাইনের মাধ্যমে মোট ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি আমদানির পরিকল্পনা রয়েছে।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম। তিনি জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ১৭ এপ্রিল ৫ হাজার মেট্রিক টনের আরেকটি চালান গ্রহণ করা হবে।
সংশ্লিষ্টরা আরও জানান, এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি আমদানি করা হবে। এর মধ্যে ইতোমধ্যে ৮ হাজার মেট্রিক টন দেশে পৌঁছেছে।
ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল পৌঁছায়। পরবর্তীতে সেখান থেকে জ্বালানি তেল রেলহেড অয়েল ডিপোর মাধ্যমে পদ্মা, মেঘনা ও যমুনা- এই তিনটি রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিতে সরবরাহ করা হয়।
উত্তরাঞ্চলের জেলাগুলোতে সারাবছর নিরবচ্ছিন্ন ডিজেল সরবরাহ নিশ্চিত করতে ভারত থেকে সরাসরি এই পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে জ্বালানি তেল আনা হচ্ছে। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির মাধ্যমে ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণকাজ শুরু হয়। পরবর্তীতে ২০২৩ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে এই পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানি কার্যক্রম শুরু হয়।
চুক্তি অনুযায়ী, ভারত আগামী ১৫ বছর বাংলাদেশে ডিজেল সরবরাহ করবে। এর আওতায় বছরে ২ থেকে ৩ লাখ টন জ্বালানি আমদানি করা যাবে। ভবিষ্যতে চাহিদা ও ব্যবহারের ভিত্তিতে এ পরিমাণ বাড়ানো সম্ভব। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, এই পাইপলাইনের মাধ্যমে বছরে সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন তেল আমদানি করা সম্ভব।
উল্লেখ্য, আগে খুলনা ও চট্টগ্রাম থেকে রেল ওয়াগনের মাধ্যমে উত্তরাঞ্চলে তেল সরবরাহ করতে ৬ থেকে ৭ দিন সময় লাগত। পাইপলাইন চালুর ফলে সময়, ব্যয় ও ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমেছে।
ইএন/এসএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























