মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের একাধিক নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
জিডিতে অভিযোগ করা হয়, একটি কুচক্রী মহল ভুয়া ফেসবুক আইডি ও পেজ ব্যবহার করে যুবদল নেতা ও ব্যবসায়ী মো. টিটু আলমকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করে মানহানিকর পোস্ট ও ভিডিও ছড়িয়ে দিচ্ছে। গত ৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৩ মিনিটে ‘মৌলভীবাজার পৌরবাসী’ নামের একটি ফেসবুক পেজসহ একাধিক আইডি থেকে এই অপপ্রচার চালানো হয়।
টিটু আলম জিডিতে উল্লেখ করেন, সম্প্রতি শহরের চৌমুহনা এলাকায় একটি শিশুর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে সেই ভিডিওটি বিকৃতভাবে উপস্থাপন করে তাঁর বিরুদ্ধে অপপ্রচারে ব্যবহার করা হয়। পাশাপাশি তাঁর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ছবি দিয়ে ফটোকার্ড ও ভিডিও তৈরি করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ওই শিশুর বক্তব্যে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না।
জিডিতে আরও বলা হয়, মো. টিটু আলম মৌলভীবাজার পৌরসভা থেকে আইনসঙ্গতভাবে বাজার ইজারা গ্রহণ করেছেন এবং এ সংক্রান্ত সব বৈধ কাগজপত্র তাঁর কাছে সংরক্ষিত রয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের ফলে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুণ্ণ হচ্ছে।
একই দিনে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফেজ আহমদ মাহফুজও সদর থানায় আরেকটি সাধারণ ডায়েরি করেন। সেখানে তিনি অভিযোগ করেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামে খোলা একটি ফেসবুক পেজ ও কয়েকটি ভুয়া আইডি থেকে তাঁকে এবং আরও কয়েকজন যুবদল নেতাকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করে মানহানিকর পোস্ট করা হয়েছে।
এই অপপ্রচারের শিকারদের মধ্যে জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শিপন এবং সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শিবলুও রয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়। চৌমুহনা এলাকার শিশুর বক্তব্যের ভিডিও ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ছবি ব্যবহার করে ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
অভিযোগকারীরা জানান, ভিডিও ও পোস্টে উপস্থাপিত ঘটনার সঙ্গে তাঁদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। দীর্ঘদিন ধরে রাজনীতি ও ব্যবসার সঙ্গে যুক্ত থেকে তাঁরা সামাজিকভাবে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। কিন্তু একটি ইর্ষান্বিত মহল পরিকল্পিতভাবে তাঁদের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।
দুইটি জিডিতেই উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে। সংশ্লিষ্ট ভুয়া ফেসবুক আইডি ও পেজের অ্যাডমিন এবং মডারেটরদের শনাক্ত করে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, অভিযোগগুলো সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























