Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬,   চৈত্র ৩ ১৪৩২

প্রকাশিত: ১৫:৩৭, ৩১ আগস্ট ২০১৯
আপডেট: ১৫:৩৭, ৩১ আগস্ট ২০১৯

আসামে অবৈধ হলেন এমএলএ ও সেনা কর্মকর্তাও

আসামের চূড়ান্ত নাগরিক তালিকায় ঠাঁই পেলেন না সেখানকার এক এমএলএ (বিধায়ক) ও সেনা কর্মকর্তাও। যে সেনা কর্মকর্তা কিনা অংশ নিয়েছিলেন কারগিল যুদ্ধে। পেয়েছেন রাষ্ট্রপতি পদকও। এখন এনআরসি তালিকায় নাম না থাকায় তারাই হচ্ছেন রাজ্যটির অবৈধ নাগরিক।

রাজ্যটির নাগরিক নিবন্ধনের চূড়ান্ত তালিকায় নিজেদের নাম না দেখে রীতিমতো চমকে উঠেছেন তারা। এ তালিকায় নাম আসেনি বিধায়ক অনন্ত ‍কুমার মালোর। তিনি আসামের বিধানসভার দ্বিতীয় প্রভাবশালী বিরোধীদল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) নেতা।

চূড়ান্ত নাগরিক তালিকায় স্থান পাননি ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) মোহাম্মদ সানাউল্লাহও। এই বছরের শুরুতে ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে বিদেশি ঘোষণার পর ভারতের সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিলেন তিনি। প্রকাশিত চূড়ান্ত নাগরিক তালিকাতেও স্থান হয়নি তার।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই সেনা কর্মকর্তার তিন সন্তান, দুই মেয়ে ও এক ছেলের নাম তালিকায় নেই। কিন্তু চূড়ান্ত তালিকায় স্ত্রীর নাম রয়েছে।

শনিবার আসামের ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স (এনআরসি) এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকায় আসামের নাগরিক হিসাবে ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জনের আবেদন গৃহীত হয়েছে; বাদ পড়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন।

যারা বাদ পড়েছেন তারা মূলত দরিদ্র এবং বেশিরভাগই মুসলমান বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে।

রাজ্য বিজিপি নেতারাও অনেক প্রকৃত নাগরিকের নাম তালিকা থেকে বাদ পড়ার কথা বলছেন।

তবে তালিকায় নাম না থাকলেই বিদেশি বলে চিহ্নিত কিংবা বন্দিশিবিরে নেয়া হবে না বলে এরইমধ্যে আশ্বস্ত করেছে আসাম রাজ্য সরকার।

তালিকায় যাদের নাম নেই, তাদের ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করতে বলা হয়েছে ১২০ দিনের মধ্যে। এই বিষয়ে শুনানির জন্য রাজ্যজুড়ে ১ হাজার ট্রাইব্যুনাল গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে।

এরইমধ্যে ১০০ ট্রাইব্যুনাল খোলা হয়েছে। আরো ২০০টি ট্রাইব্যুনাল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই খোলার আশ্বাস দেয়া হয়েছে।

ট্রাইব্যুনালে মামলায় হেরে গেলে হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগও রয়েছে।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়