Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

লন্ডন থেকে মকিস মনসুর

প্রকাশিত: ০০:২২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নামাজের সঠিক সময়সূচি নির্ধারণে গবেষণা উপস্থাপন ও পুস্তিকা প্রকাশ

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

শরীয়ার নির্দেশনার আলোকে নামাজ, রোজা, সেহরি ও ইফতারের সঠিক সময় নির্ধারণে দীর্ঘ পনের বছরের গবেষণার ফলাফল প্রকাশ করেছে লন্ডন সালাহ টাইমট‍্যাবল ইউনিফাইড উলামা কমিটি। উপলক্ষে লন্ডনে এক সেমিনার ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার হাসানাহ সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে মসজিদ কমিটির নেতৃবৃন্দ, আইম্মায়ে মাসাজিদ, উলামায়ে কেরাম, মিডিয়া ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুল জলিল এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সেক্রেটারি মাওলানা শায়েখ ইমদাদুর রহমান মাদানী।

দীর্ঘ গবেষণার প্রেক্ষাপট
কমিটির পক্ষ থেকে জানানো হয়, বৃটিশ অবজারভেটরির বৈজ্ঞানিক তথ্য, সূর্যের উদয়-অস্তের পর্যবেক্ষণ এবং বিভিন্ন মাযহাবের ইমামগণের মতামত ও ফায়সালার আলোকে এই গবেষণা পরিচালিত হয়েছে। প্রায় পনের বছরের অধিক সময় ধরে সূর্যোদয় ও সূর্যাস্তের নিরীক্ষা এবং শরীয়তসম্মত বিশ্লেষণের মাধ্যমে সময়সূচি নির্ধারণ করা হয়।

স্বাগত বক্তব্যে আল্লামা আব্দুল জলিল বলেন, “সঠিকভাবে নামাজ আদায় করা যেমন ফরজ, তেমনি সঠিক সময়ে নামাজ আদায় করাও ফরজ। রোজা, সেহরি ও ইফতারের সময় নির্ধারণেও শরীয়তের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তাই সঠিক সময় নিরূপণ করা অত্যন্ত জরুরি।” তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বৃহত্তর কমিউনিটির মধ্যে সময়সূচির তারতম্য পরিলক্ষিত হওয়ায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।

গবেষণার মূলনীতি ও আহ্বান
সেমিনারে মাওলানা শায়েখ ইমদাদুর রহমান মাদানী নামাজ, রোজা, সেহরি ও ইফতারের সময় নির্ধারণে ইসলামী শরীয়তের নির্দেশনা, মাযহাবভিত্তিক নীতি এবং কমিউনিটিতে প্রচলিত সময়সূচির ভিন্নতা তুলে ধরেন। তিনি কমিটির অনুসৃত গবেষণা পদ্ধতি ব্যাখ্যা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সময়সূচি অনুসরণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শায়খ আবদুর রহমান মাদানী, মুফতি শায়খ ইলিয়াস হোসাইন, মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, শায়খুল হাদিস মাওলানা আবদুর রহমান মনোহরপূরীসহ প্রখ্যাত উলামায়ে কেরাম। তারা বলেন, শরীয়তের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে সালাত ও সিয়াম আদায় নিশ্চিত করার পাশাপাশি উম্মাহর ঐক্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আশা প্রকাশ করেন, এই সময়সূচি শরীয়তের সহিহ (শুদ্ধতা) ও ইয়ুসর (সহজতা)-এর সমন্বয়ে প্রণীত হওয়ায় মসজিদসমূহে ঐক্য প্রতিষ্ঠা এবং মুসল্লিদের মধ্যে আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।

প্রশ্নোত্তর ও দোয়া
সভায় উপস্থিত উলামায়ে কেরাম ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাওলানা শায়েখ আবদুর রহমান মাদানী।

সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনা করেন আল্লামা আব্দুল জলিল। অনুষ্ঠানের শেষে কমিটির পক্ষ থেকে সমগ্র মুসলিম কমিউনিটিকে আগাম পবিত্র রমজানের মোবারকবাদ জানানো হয় এবং সবার জন্য কল্যাণময় ও সওয়াবপূর্ণ রমজান কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়