প্রতিনিধি, লন্ডন
লন্ডনে ‘বেস্ট ফিচার রাইটার’ সম্মাননা পেলেন শাহ মনসুর আলী
ছবি: আই নিউজ
লন্ডনে প্রাবন্ধিক, গবেষক ও শিক্ষা প্রশাসক শাহ মনসুর আলী নোমান ‘বেস্ট ফিচার রাইটার অব দ্য ইয়ার–২০২৫’ সম্মাননায় ভূষিত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি (ইউকেবিআরইউ) আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান ও অভিষেক অনুষ্ঠানে গণমাধ্যমে প্রকাশিত সেরা ফিচার, কলাম ও প্রবন্ধের মূল্যায়নের ভিত্তিতে তাঁকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লন্ডন একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, গবেষক ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান। প্রাণবন্ত উপস্থাপনায় ছিলেন সংগঠক, গণমাধ্যমকর্মী ও সমাজচিন্তক আব্দুল বাছির। যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী সাংবাদিক, কলামিস্ট, গবেষক এবং সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সল চৌধুরী এমবিই। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুটন কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর শাহানারা নাসের এবং ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি সি মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম।
বহুমাত্রিক লেখক ও সমাজমনস্ক ব্যক্তিত্ব
সমাজসেবা, লেখালেখি, গবেষণা ও আলোকচিত্র এই চার ধারার সম্মিলনে শাহ মনসুর আলী নোমান সমাজকে দেখেন গভীর মানবিক দৃষ্টিতে। তাঁর পিতা ছিলেন একজন সমাজকর্মী, জনপ্রতিনিধি ও শিক্ষানুরাগী ব্যক্তি। মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার আদর্শ শৈশবেই তাঁর মানসগঠনে গভীরভাবে প্রোথিত হয়।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ২০১৯ সালে এমজিএস (দ্বিতীয় মাস্টার্স) সম্পন্ন করে মেধাক্রমে ব্যাচে তৃতীয় স্থান অর্জন করেন। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এমসি কলেজ, সিলেট থেকে ১৯৯৮ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি লাভ করেন। পাশাপাশি ২০১৬ সালে মেট্রোপলিটন ল’ কলেজ, সিলেট থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম’ (২০২০-২১) প্রোগ্রামে অধ্যয়নকালে তিনি যুক্তরাজ্যে গমন করেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ-এ এলএলএম প্রোগ্রামে অধ্যয়নরত।
পেশাগত জীবনে তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গণমাধ্যমে সক্রিয় সম্পৃক্ততা
ছাত্রজীবন থেকেই তিনি গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত। তাঁর কলাম, প্রতিবেদন ও আলোকচিত্র প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক, মানবজমিন, প্রথম আলো, ভোরের কাগজ, রূপালী বাংলাদেশসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায়। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া সম্পাদিত ‘মৃদুভাষণ’ পত্রিকাতেও তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বিবিসি বাংলা-এর ‘প্রবাহ’ অনুষ্ঠানের কয়েকটি পর্বে তাঁর ধারণকৃত ছবি সম্প্রচারিত হয়েছে। ইংল্যান্ড থেকে প্রকাশিত ‘Burnley Express’ পত্রিকায়ও তাঁর আলোকচিত্র স্থান পেয়েছে।
সমসাময়িক সমাজ, পরিবেশ দূষণ, নদীভাঙন, পাহাড় কাটা, প্রাকৃতিক দুর্যোগ, অবকাঠামোগত সমস্যা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সংস্কৃতি, রাজনীতি এবং মানবাধিকার- এসব বিষয় তাঁর লেখার প্রধান উপজীব্য। তাঁর একাধিক অনুসন্ধানী প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বাস্তব উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণে ভূমিকা রেখেছে।
সামাজিক ও প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা
তিনি যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সংগঠন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্য। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট এবং বাংলাদেশ ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন (এফপিএবি), সিলেট ইউনিটের আজীবন সদস্য। এফপিএবি সিলেট শাখার (২০১৮-২১) মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে তিনি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি সলিমুল্লাহ মুসলিম হল (ঢাকা বিশ্ববিদ্যালয়) প্রাক্তন ছাত্র সমিতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনেরও আজীবন সদস্য।
মানবিক সহায়তায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্যা প্যারালাইজড (সিআরপি) বাংলাদেশ তাঁকে সিলভার মেম্বার হিসেবে সম্মানিত করে। এছাড়া ২৩ ডিসেম্বর ২০১৬ সালে উদার দিগন্ত সাহিত্য সংসদ ও পাঠাগার (কুলাউড়া, মৌলভীবাজার) কর্তৃক তিনি ‘রেডিয়েন্ট অ্যাওয়ার্ড’ লাভ করেন। জাতিসংঘ ঘোষিত বিশ্ব শান্তি দিবস (২১ সেপ্টেম্বর ২০১৬) উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন, সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানেও তিনি সম্মাননা লাভ করেন।
লন্ডনে প্রাপ্ত ‘বেস্ট ফিচার রাইটার অব দ্য ইয়ার–২০২৫’ সম্মাননা তাঁর দীর্ঘদিনের নিরলস সাধনা, বস্তুনিষ্ঠ লেখনী ও সামাজিক দায়বদ্ধতারই আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ইএন/এসএইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa

























