ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৫, ৯ অক্টোবর ২০২০
আপডেট: ১২:৪২, ৯ অক্টোবর ২০২০

সরকারের পদত্যাগ যারা চাইছে তারা অপরাধীদের শাস্তি চায় না

নারী নির্যাতনবিরোধী আন্দোলনে যারা সরকারের পদত্যাগ দাবি করছে তারা অপরাধীদের শাস্তির বদলে নিজ স্বার্থ চরিতার্থ করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সচিবালয়ে  বৃহস্পতিবার বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দীন আহমেদের কাছ থেকে কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন গ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, দেশে ইদানিংকালে যেসব অনভিপ্রেত ঘটনা বিশেষ করে নারী ও শিশু নির্যাতন ঘটেছে, সেগুলোর অপরাধীদের কঠোর শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর। তাদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে যে প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ হবে, সেটা স্বাভাবিক এবং প্রতিবাদ হলে সরকারের পক্ষে ব্যবস্থা নেওয়াও সহজ হয়।

নারী নিপীড়ন বন্ধে তথ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ প্রসঙ্গে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক জানান, তথ্য মন্ত্রণালয় এ ধরনের বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বহু আগে থেকেই প্রচারকাজ চালিয়ে আসছে। নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ও এক্ষেত্রে কাজ করছে। আজকের  প্রেক্ষাপটে এ বিষয়ে প্রচার কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি আরও বলেন, একই সঙ্গে ওটিটি ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে যাতে দেশের আর্থসামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির পরিপন্থী কিছু আপলোড করা না হয়, সেজন্যও আমাদের মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। এক্ষেত্রে আমাদের সবার সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

হাছান মাহমুদ এ সময় প্রতিবেদন উপস্থাপন ও সম্পাদিত কার্যাবলির জন্য প্রেস কাউন্সিলকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদনটি তিনি প্রথানুযায়ী জাতীয় সংসদে উপস্থাপন করবেন। 

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে গঠিত প্রেস কাউন্সিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুমাত্রিক ন্যায়ভিত্তিক, জ্ঞানভিত্তিক ও সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে চলেছে। প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করার লক্ষ্যেও কাজ করছে সরকার।

অনুষ্ঠানে তথ্য সচিব কামরুন নাহার ও প্রেস কাউন্সিলের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, বিএফইউজের যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, নূরে জান্নাত আকতার সীমা ও কাউন্সিল সচিব শাহ আলম উপস্থিত ছিলেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়