ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৩, ৯ অক্টোবর ২০২০

বাংলাদেশ সীমান্তে সৈন্য সমাবেশের অভিযোগ অস্বীকার মিয়ানমারের

সংগৃহীত

সংগৃহীত

বাংলাদেশ সীমান্তে সৈন্য সমাবেশের অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। বৃহস্পতিবার ঘুনধুমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিজিপি ব্যাটালিয়ন পর্যায়ে গুরুত্বপূর্ণ বৈঠকের পর এ তথ্য জানানো হয়। 

এদিন দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম সীমান্তে অনুষ্ঠিত হয় দুই বাহিনীর পতাকা বৈঠক। বৈঠকে বিজিবির তিনটি ব্যাটালিয়নের ৩৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান এবং বিজিপির ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মংডু-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল চেন নাইং উ।

এর আগে বাংলাদেশ সীমান্তে সৈন্য সমাবেশসহ সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের কঠোর অবস্থানে চাপে পড়েছিল মিয়ানমার। বিষয়টির ব্যাখ্যা জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলবও করা হয়েছিল।

বিজিবির কক্সবাজার রিজিয়ন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজকের আলোচনায় দুই দেশের নিয়মিত যৌথ টহল পুনরায় শুরু করার পাশাপাশি কার্যকরীভাবে সীমান্ত সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাদেরকে আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম তখন তারা বলেছে যে, তাদের চলাচল ছিল বিজিবির চলাচলের এরিয়াগুলো। যেটা আমরা তাদেরকে বলতে চাচ্ছিলাম। কিন্তু সেনাবাহিনী চলাচল সম্পর্কে তাদের কাছে কোন তথ্য নাই এবং এই সম্পর্কে তারা কিছু জানে না।’

তিনি আরো বলেন, ‘জোরালোভাবেই আমরা উত্থাপন করেছি। তোমাদের সীমান্ত এলাকাগুলোয় যে, ফায়ারের ঘটনাগুলো ঘটে থাকে এগুলো যদি আমাদেরকে না জানাও, তোমরা যদি রেসপন্স না করো। আমরা দেশে তো শান্তিপূর্ণভাবে বসবাস করি আমাদের দেশে তো কোনো সমস্যা নাই। তাহলে আমাদের দেশের লোক কেন আতঙ্কে থাকবে। এখন তারা আমাদের যেটা বলেছে, এখন যদি কোন ফায়ারিংয়ের ঘটনা ঘটে সাথে সাথে যদি আমাদেরকে জানাও তাহলে আমরা তোমাদের রিপ্লাই দিতে পারব।’

এদিকে সীমান্ত এলাকায় কোনো গুলিবর্ষণের ঘটনার কারণ জানতে চাইলে, তাৎক্ষণিকভাবে বিজিপির পক্ষ থেকে তা ব্যাখ্যা করার সিদ্ধান্তও হয়েছে পতাকা বৈঠকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়