নিজস্ব প্রতিবেদক
মির্জা ফখরুলের বাসায় ডিম নিক্ষেপ, বিএনপির উদ্বেগ
ফাইল ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার সামনে বিক্ষোভ করেছেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীরা। এ সময় তারা মির্জা ফখরুলের বাসায় শতাধিক ডিম নিক্ষেপ করেন বলে জানা গেছে। ইট-পাটকেলও ছোড়া হয়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।
শনিবার বিকালে রাজধানীর উত্তরায় বিএনপি মহাসচিবের বাসার সামনে কয়েক শ নেতাকর্মী জড়ো হয়ে এ বিক্ষোভ করেন। তারা মির্জা ফখরুলের বাসভবনের সামনে কিছুক্ষণ অবস্থান করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে এ আসনের অপরাপর সাত মনোনয়ন প্রত্যাশীর কর্মী-সমর্থকরা বিক্ষোভে অংশ নেন। দুপুরের পর থেকে তারা বিএনপি মহাসচিবের বাসার সামনে অবস্থান নিয়ে এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। প্রতিবাদের শেষ পর্যায়ে বিক্ষুব্ধরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসা লক্ষ করে শতাধিক ডিম ছুড়ে মারেন।
ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে নয় প্রার্থী বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। তাদের মধ্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এসএম জাহাঙ্গীরকে মনোনয়ন দেয় বিএনপি। শুক্রবার মির্জা ফখরুলই তার নাম ঘোষণা করেন।
এর আগে গত ১২ সেপ্টেম্বর ওই আসনে নয় প্রার্থীর সাক্ষাৎকার নেয়ার দিনে এসএম জাহাঙ্গীর ও অপর মনোনয়ন প্রত্যাশী এম কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৭ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এস এম জাহাঙ্গীরকে দায়ী করে সাত মনোনয়ন প্রত্যাশী লিখিতভাবে বিএনপির হাইকমান্ডের কাছে অভিযোগ করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার সামনে বিক্ষোভকালে ওই সাত প্রার্থীর কর্মী-সমর্থকরাই উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
মির্জা ফখরুলের বাসায় ডিম ছুড়ে মারার বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় মহাসচিব খুব মর্মাহত হয়েছেন। নেতাকর্মীদের কিছু বলার থাকলে দলীয় কার্যালয়ে গিয়ে বলতে পারতেন। তিনি একটি ভাড়া বাসায় থাকেন। সেখানে এ ঘটনা ঘটানো অনাকাঙ্ক্ষিত।
এদিকে, এ ঘটনায় বিএনপির স্থায়ী কমিটি ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়ছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার পেছনে সরকারের মদদ রয়েছে বলে অভিযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ (শনিবার) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসভবনে কতিপয় উচ্ছৃঙ্খল বহিরাগত ব্যক্তি ইট-পাটকেল নিক্ষেপ করে বাসার ক্ষতিসাধন করে।
এ ঘটনায় সরকারের মদদ রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভা এই ঘটনার পেছনে সরকারি মদদ রয়েছে বলে মনে করে। বর্তমানে সারাদেশে গুম, খুন, নারী ও শিশু নির্যাতনের যে মহামারি চলছে, তার বিরুদ্ধে আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই সরকারের এজেন্টরা এ হামলা চালিয়েছে। সভা এই অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী ঘটনার তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, মির্জা ফখরুলের বাসায় হামলা হয়েছে— এমন খবর পাইনি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























