ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৮, ১২ অক্টোবর ২০২০

মাহী ও আশফাহ দম্পতির সম্পত্তির হিসাব চায় দুদক

ফাইল ছবি

ফাইল ছবি

বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক লোপার সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে গত ৮ অক্টোবর সম্পদের হিসাব চেয়ে পৃথক নোটিশ পাঠানো হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।

সাবেক রাষ্ট্রপতি ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলের গুলশানের বারিধারার (রোড নং ১২, বাড়ি ১৯) ঠিকানায় নোটিশটি পাঠানো হয়। 

নোটিশে বলা হয়েছে, ‘দুদক আইন, ২০০৪ এর ধারা ২৬ এর উপধারা (১) অর্পিত ক্ষমতাবলে তাদের নিজের ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী এ আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে দাখিল করার নির্দেশ দেয়া হলো। 

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে দুদক আইনের ২৬ (২) উপধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। 

এর আগে ২০১৯ সালের ২৫ আগস্ট দুদকের জিজ্ঞাসাবাদে মাহী বি চৌধুরী দাবি করেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সুযোগ নেই, মানি লন্ডারিংয়েরও সুযোগ নেই। বাংলাদেশের বাইরে যদি কোনো আয়-ব্যয় থাকে তা বৈধ আয় থেকেই হয়েছে।

যুক্তরাষ্ট্রে অর্থপাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ শেষে মাহী বি চৌধুরী আরো বলেন, একটি অভিযোগ এসেছে আমার নামে, সেই অভিযোগের প্রাথমিক তদন্ত করছে দুদক। অভিযোগের সত্যতা যাচাই করার জন্য আমার বক্তব্য নেয়া প্রয়োজন ছিল। দুদক আমাকে তলব বলেছে বলেই আমি অভিযুক্ত বা দোষী তা না। অনেক সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হয় রাজনীতির কারণে। ধৈর্য ধারণ করলে সত্য উদঘাটিত হবে, তা আমি বিশ্বাস করি।

একই অভিযোগে তলব করা হলেও হাজির হননি মাহী বি চৌধুরীর স্ত্রী আশফা হক।

মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক লোপার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। যে বিষয়ে ২০১৯ সালের জুন মাসে তাদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়