ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৫, ১৩ অক্টোবর ২০২০

‘ধর্ষণ আইনের অপব্যবহার রোধে সরকারকে দৃষ্টি রাখতে হবে’

ফাইল ছবি

ফাইল ছবি

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘ধর্ষণ আইনের যেন অপব্যবহার না হয় সেজন্য সরকারকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। 

তিনি বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন ধর্ষণ আইনে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তদন্ত থেকে বিচার ব্যবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।

আজ (মঙ্গলবার) জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরা বাসভবনে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, আইনি জটিলতা দূর করে ধর্ষিতার বিচার প্রাপ্তি সহজ করতে হবে। ধর্ষণ নির্মূল করতে নির্দিষ্ট সময়ের মধ্যেই অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া ধর্ষিতার পক্ষে আইনি সহায়তা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে কার্যকর উদ্যোগ নিতে হবে।

গতকাল সোমবার মন্ত্রী পরিষদ সভায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ সংশোধন করে অধ্যাদেশ আকারে জারির জন্য এর খসড়া নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দেয়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সকল সদস্যকে ধন্যবাদ ও অভিন্দন জানান তিনি।

এ সময় লালমনিরহাট জেলার কুলাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহাতাব আলী, লালমনিরহাট জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর কমিশনার এসএম ওয়াহিদুল হাসান সেনা, খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি এবং খোলাহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী বুলু জাতীয় পার্টি চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এক বিবৃতিতে ধর্ষণের সর্বোচ্চ শান্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে বিদ্যমান আইন সংশোধন করতে সরকারের প্রতি আহ্বান জানান। ওই বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তিন মাসের মধ্যে ধর্ষণের বিচার সম্পন্ন করে মামলার রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়