ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৯, ১৭ অক্টোবর ২০২০
আপডেট: ১৫:২৭, ১৭ অক্টোবর ২০২০

‘পরবর্তী সরকার কে হবে তা ঠিক করবে জনগণ’

ফাইল ছবি

ফাইল ছবি

পরবর্তী সরকার কে হবে তা জনগণই ঠিক করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনের নামে টালবাহানার প্রয়োজন নেই। সময় হলেই নির্বাচন হবে। 

শনিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ‘ডিএমটিসিএল’ এর উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সেতুমন্ত্রী। 

পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেশের মানুষকে লজ্জা আর হতাশার সাগরে বিএনপি ডুবিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বরপুত্র (তারেক রহমান) হাওয়া ভবনের নামে প্রতিষ্ঠা করেছিল এক খাওয়া ভবন।

তিনি বলেন, এদেশের রাজনীতিতে সততার অনন্য উদাহরণ বঙ্গবন্ধু পরিবার। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি অপশক্তি দেশকে পিছিয়ে দেয়ার নানান ষড়যন্ত্রে লিপ্ত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, দেশ-বিদেশে কোথায় বৈঠক হচ্ছে, কি ষড়যন্ত্র চলছে, তার খবর কারো অজানা নয়।

ভার্চুয়াল প্ল্যাটফর্মে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আবদুল নাসের চৌধুরী, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন প্রমুখ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়