ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

জিএম ইমরান

প্রকাশিত: ১০:৫৯, ১৯ অক্টোবর ২০২০
আপডেট: ১২:৩৫, ১৯ অক্টোবর ২০২০

পূণ্যভূমি সিলেট কেন হঠাৎ আলোচিত?

ফাইল ফটো

ফাইল ফটো

হযরত শাহজালাল (র.)-এর পুণ্যভূমি, মরমী কবি হাছন রাজা ও বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মভূমি সিলেট যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। সবুজ চা বাগান, পাহাড়, নদী, হাওর-ঝর্ণা, টিলা আর দিগন্তজোড়া সবুজ বৃক্ষ, নীল আকাশের নিচে অপরূপ মায়াবি আভা সিলেটকে করেছে রূপের রাণী। আর এ রূপের মোহ পর্যটন ও প্রবাসি অধ্যুষিত এ অঞ্চলের মানুষগুলোকে করেছে শান্তশিষ্ট, নির্বিরোধ ও সহিষ্ণু। 

তবে, হঠাৎ করে যেন আলোচনায় পূণ্যভূমি । ধর্ষণ, খুন-রাহাজানি যেন এখন সিলেট অঞ্চলের মানুষকে তাড় করে বেড়াচ্ছে। যা, অতিথপরায়ণ সিলেটবাসী ও পূণ্যভূমি সিলেট সম্পর্কে এক বিরূপ পরিচয় তুলে ধরছে দেশ-বিদেশে।

সাম্প্রতিক আলোচিত কিছু ঘটনা

সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু চাঞ্চল্যকর ঘটনা সিলেটকে আলোচনায় নিয়ে এসেছে। এরমধ্যে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ, স্বামীকে আটকে রেখে সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এমসি কলেজের বন্ধ ছাত্রাবাসে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ, সিলেটের কানাইঘাটে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ফাতেমা বেগমকে (২৮) নির্মমভাবে খুন করার অভিযোগ স্বামী বিরুদ্ধে, সিলেটে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় স্বামীর গলায় ছুরি ধরে সন্তানদের আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ।


সিলেট অঞ্চলে হঠাৎ কেন এ পরিবর্তন?

শান্তিপ্রিয় সিলেট কি হঠাৎ অসিহষ্ণু হয়ে উঠল? নাকি আগে থেকেই এ অঞ্চলে এ ধরণের ঘটনা নিয়মিত ঘটনা? 

এ বিষয়ে ‘বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিস ট্রাস্ট’ (ব্লাস্ট) এর সিলেট জেলার কো-অর্ডিনেটর এ্যাড. মো. ইরফানুজ্জামান চৌধুরী ‘আইনিউজ’কে বলেন, আমি মনে করি, বর্তমানে অন্যায়-অবিচার যেভাবে হচ্ছে এটাে এ অঞ্চলে নতুন নয়।ধারাবাহিকভাবে আগে থেকে ঘটে আসছে। কিন্তু বিষয়গুলো বর্তমানে যেভাবে মিডিয়ায় আসছে আগে এভাবে আসতো না।

তাছাড়া, ভিক্টিমরা এখন অনেকবেশী সাহসী হয়েছে। তারা ঘটনা ঘটার পরপরই প্রতিবাদ করে। আগে এমনটি করতো না। সব নিরবে সহ্য করতো।

বিচার প্রক্রিয়া কতটুকু দায়ী?

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ও মানবাধিকার কর্মী অধ্যাপক তাহমিনা ইসলামের মতে,  দেশে এক ধরণের বিচারহীণতার সংস্কৃতি গড়ে উঠেছে। যেটা এ ধরণের খুন-গুম-ধর্ষণ সংঘঠিত করতে সহায়তা করছে।

আইনিউজকে তিনি আরো বলেন, কোন ঘটনা ঘটার পরে দেখা যায়, অপরাধীরা কোন একটা রাজনৈতিক দলের প্রশ্রয়ে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আবার যদি গ্রেফতারও হয় তাহলে দেখা যাচ্ছে, আইনের ভুল-ত্রুটি দিয়ে খুব সহজে জামিন পেয়ে যাচ্ছে। বিচারহীনতার এ প্রক্রিয়া অপরাধ সংগঠনে সহায়তা করছে।

‘মৃত্যুদন্ড’ ধর্ষণ কমাতে কতটুকু সহায়তা করবে?

চলতি বছরের গত ১৩ অক্টোবর বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান সংক্রান্ত একটি অধ্যাদেশে সই করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অধ্যাদেশের ফলে সংশোধিত আইনটি এখ্ন থেকেই কার্যকর হিসেবে জারি হয়েছে।

তবে নতুন কার্যকর হওয়া এ আইনে ধর্ষণ ঘটনা হ্রাস পাওয়ার সম্ভাবনা কতটুকু? এ বিষয়ে ‘আইনিউজ’কে  মানবাধিকার কর্মী অধ্যাপক অধ্যাপক তাহমিনা ইসলাম বলেন, আমি মনে করি নতুন এ আইনের দ্বারা ধর্ষণ ঘটনা অনেকখানি কমবে। 

উদাহরণ হিসেবে তিনি বলেন, একটা সময় আমাদের দেশে নারীদের প্রতি এ্যাসিড নিক্ষেপের ঘটনা একপ্রকার মহামারী আকারে রূপ নিয়েছিলো। কিন্তু ২০০৩ সালে এ্যাসিড নিক্ষেপের শাস্তি হিসেবে ‘মৃত্যুদন্ড’ আইন কার্যকর করা হলে দেখা যায় এ ঘটনা অনেকবেশী হ্রাস পেয়েছে। তাই, নতুন এ আইনের দ্বারা ধর্ষণ ঘটনা কমবে বলে আমি মনে করি।

অধ্যাপক তাহমিনা ইসলাম আরো বলেন, নতুন এ আইনের দ্বারা নিরাপরাধ মানুষের হয়রানী হওয়ারও সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রে, পুলিশ-প্রশাসন ও জনগণকে সচেতন হতে হবে। তা নাহলে এ আইনের গ্রহণযোগ্যতা হারাবে। এবং প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাবে।

দলীয় পরিচয় ব্যবহারকারী এবং প্রশ্রয়দাতাদের ছাড় নেই

সিলেট বিভাগের দায়িত্বে থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক ‘আইনিউজ’কে বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি কোন অন্যায়কাজে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিবে। এমনকি ঐসকল অপরাধীদের কেউ যদি প্রশ্রয় দেয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 
আইনিউজকে তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ যে কোন অন্যায়-অবিচারের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে। 

কঠোর অবস্থানে পুলিশ

বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ ‘আইনিউজ’কে বলেন, নারী-নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বাংলাদেশের প্রায় ৭০০০ বিটে বাংলাদেশ পুলিশ জনসচেতনতায় কাজ করছে। এছাড়া, যোকোন অন্যায়-অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ আইনগতভাবে কঠোর অবস্থানে রয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া ‘আইনিউজ’কে বলেন, সব ধরণের অন্যায়-অবিচারের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। যে কোন অপেরাধের ক্ষেত্রে আইনের সর্বোচ্চ প্রয়োগ করে অপরাধীর শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে আমরা সচেষ্ট রয়েছি।

জিএম ইমরান/ নিজস্ব প্রতিবেদক/ আইনিউজ

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়