ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১০, ৮ জুন ২০২১
আপডেট: ১৭:৫৮, ৮ জুন ২০২১

আমি বিশ্বাস করি মোবাইল পাওয়া যাবে: পরিকল্পনামন্ত্রী

গাড়ির সামনে ও পেছনে প্রটোকল থাকার পরও রাজধানীর বিজয় সরণি থেকে ছিনতাই হয়েছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইলফোন।

এ ঘটনার দশম দিনেও মোবাইলফোন উদ্ধার করে দিতে পারেনি পুলিশ বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী। তবে ফিরে পাওয়ার আশ্বাস মিলেছে বলে জানান তিনি। 

মঙ্গলবার (৮ জুন) দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলন এ তথ্য জানান মন্ত্রী।

এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার মোবাইল পাইনি। তবে কিছু সংবাদ পেয়েছি। মোবাইল যে নিয়েছে, তাকে লোকেট (চিহ্নিত) করতে পেরেছেন তারা (পুলিশ)। তার (ছিনতাইকারির) ঠিকানাও পেয়েছেন তারা। এখন তারা তাকে চেজ করছেন। সে নিশ্চয় আন্ডারগ্রাউন্ডে গিয়েছে বা লুকিয়েছে। পাওয়া যাবে আমি বিশ্বাস করি। আমাদের নাকি সেই প্রযুক্তি হাতে আছে। আমি আশাবাদী।’

উল্লেখ্য, গত ৩০ মে রাজধানীর বিজয় সারণী এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাই হয়। এ ঘটনায় মন্ত্রীর পিএস মামলা করেন।

পরে ১ জুন বিবিসি বাংলাকে সেদিনের ঘটনার বিবরণ দেন পরিকল্পনামন্ত্রী। তার দেয়া বক্তব্য অনুসারে, ঝড়ের মতো এসে মোবাইল নিয়ে চলে যায় লোকটি।

তবে এক সপ্তাহ পার হলেও পরিকল্পনামন্ত্রীর আইফোনটি এখনও উদ্ধার হয়নি। তবে মোবাইল ফোন ছিনতাইকারীকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা ফোনটি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়