Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:৩৮, ২২ ডিসেম্বর ২০২৫

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার-১৭

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে একজন একাই দেড় লাখ টাকার কাছাকাছি অর্থ লুট করেছেন বলে জানিয়েছে পুলিশ। ওই অর্থ দিয়ে তিনি টিভি ও ফ্রিজ কিনেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম। একই তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে মো. নাইম (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে লুট হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছেন, তিনি মোট ১ লাখ ২৩ হাজার টাকা লুট করেছিলেন। ওই অর্থ দিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে একটি টিভি ও একটি ফ্রিজ কিনেছেন। এসব সামগ্রী জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার অন্যরা হলেন- আকাশ আহমেদ সাগর (২৮), আব্দুল আহাদ (১৮), মো. বিপ্লব (২২), নজরুল ইসলাম ওরফে মিনহাজ (২০), মো. জাহাঙ্গীর (২৮), সোহেল রানা (২৪), মো. হাসান (২২), রাসেল ওরফে সাকিল (২৮), আব্দুল বারেক শেখ ওরফে আলামিন (৩১), রাশেদুল ইসলাম (২৫), সোহেল রানা, শফিকুল ইসলাম (৩৪), প্রান্ত সিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাশেম, রাজু হোসাইন চাঁদ ও সাইদুর রহমান (২৫)।

সংবাদ সম্মেলনে এস এন মো. নজরুল ইসলাম বলেন, প্রথম আলো ইতোমধ্যে মামলা করেছে, তবে ডেইলি স্টার-এর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণের পর তারা মামলা করবে। তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে চারটি আইনের ধারায় মামলা করা হয়েছে।

তিনি বলেন, দুটি পত্রিকায় হামলার ঘটনায় থানা পুলিশ ১৩ জন, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ৩ জন এবং ডিবি পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, হামলার ঘটনায় কোনো প্রাণহানি না হওয়াটাই পুলিশের একটি বড় অর্জন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় এবং কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে অবস্থিত ডেইলি স্টার ভবনে একদল দুর্বৃত্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ ঘটনায় রোববার (২১ ডিসেম্বর) রাতে সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়