নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:২২, ২২ আগস্ট ২০২১
‘যুগোপযোগী রেল যোগাযোগ ব্যবস্থা গড়ার উদ্যোগ নেয়া হয়েছে’
রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলকে নতুন আঙ্গিকে গড়ার উদ্যোগ নেয়া হয়েছে। একটি আধুনিক, যুগোপযোগী ও উন্নত রেল যোগাযোগ ব্যবস্থা গড়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
রেলপথমন্ত্রী রোববার (২২ আগস্ট) ঢাকা কমলাপুর রেলস্টেশনসংলগ্ন স্থানে ওয়াটার এইড বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে একটি উন্নতমানের ও সকল সুবিধা সংবলিত আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন।
রেলপথমন্ত্রী বলেন, আগামীতে রেলকে আমরা কিভাবে দেখতে চাই, রেলের সেবা কোন পর্যায়ে নিয়ে যেতে চাই তারই আলোকে আজকের আয়োজন। তিনি বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সারাদেশে ৫২টি স্টেশন সংস্কার ও আধুনিকায়ন করা হচ্ছে। এসব স্টেশনগুলোতে এ আধুনিক টয়লেটের ডিজাইন ব্যবহার করা হবে। এছাড়াও কমলাপুরের মতো ওয়াটার এইড এবং বাংলাদেশ রেলওয়ের সহায়তায় পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে অনুরূপ আরো দুটি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করবে।
রেলপথ মন্ত্রণালয়ের প্রকল্প সম্পর্কে মন্ত্রী বলেন, অনেক প্রকল্প চলমান আছে এবং অনেক প্রকল্প হাতে নেয়া হয়েছে। পুরানো লাইন ও ব্রিজ সংস্কার করা হচ্ছে। নতুন নতুন কোচ এবং ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে। নতুন ট্রেনগুলোতে বায়ো-টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে যাতে পরিবেশ নষ্ট না হয়।
তিনি বেশ কিছু প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, আগামী বছর খুলনা থেকে মোংলা নতুন রেললাইন চালু হবে। এছাড়া টঙ্গী-জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন চালু হবে। করোনার কোনো প্রভাব না থাকলে রেলের বর্তমান অবস্থা আরো উন্নত অবস্থায় থাকতো বলে উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে বাংলাদেশ রেলওয়ে নিজস্ব ব্যবস্থাপনায় কনসালটেন্সি ফার্ম গঠন করার উদ্যোগ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, নিজস্ব সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে আমরা নিজস্ব লোকবল দ্বারা কনসালটেন্সি সেবা দিতে সক্ষম হব এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
এই পাবলিক টয়লেটে সকল আধুনিক সুবিধা রাখা হবে। এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা প্রবেশদ্বার ও কক্ষ থাকবে। টয়লেটগুলো হবে নারী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব। এখানে শিশুকে দুগ্ধপান করানোর ব্যবস্থাসহ নিরাপদ পানীয় জল এবং বৃষ্টির পানি সংরক্ষণ প্রযুক্তিসহ সৌরশক্তির ব্যবহারের সুযোগ রাখা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন এবং ওয়াটার এইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























