ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৭, ২৩ আগস্ট ২০২১
আপডেট: ২০:১৭, ২৪ আগস্ট ২০২১

বাংলাদেশিদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ওমান

বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৮টি দেশের নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওমান। এই সিদ্ধান্ত আগামী ১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে কার্যকর হবে।

মেডিকেল রেসপন্স, পাবলিক হেলথ সেক্টর এবং রয়েল ওমান পুলিশের সমন্বয়ে গঠিত করোনা প্রতিরোধ সংক্রান্ত সুপ্রিম কমিটির নির্দেশে ওমান সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) সোমবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের এ ঘোষণা দিয়েছে।

তবে, ওমান অনুমোদিত দুই ডোজ করোনার টিকা নেয়া যাত্রীরাই কেবল দেশটিতে যেতে পারবেন। সেখানে যাওয়ার সম্ভাব্য তারিখের কমপক্ষে ১৪ দিন আগে টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে। 

কোন কোন টিকাকে অনুমোদন দেবে তার তালিকা শিগগিরই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করবে। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যে যাত্রীরা করোনার নেগেটিভ সনদ নিয়ে যাবেন তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। দীর্ঘ দূরত্বের ফ্লাইটের ক্ষেত্রে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা এবং কম দূরত্বের ক্ষেত্রে সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে করা করোনা পরীক্ষার সনদ গ্রহণ করা হবে।

করোনা পরীক্ষার সনদ এবং টিকাদানের সনদ উভয়টিতেই কিউআর কোড থাকতে হবে যা দিয়ে সনদটি পরীক্ষা করে দেখা যায়।

যদি কোনো যাত্রী করোনার নেগেটিভ সনদ ছাড়াই যায়, সে ক্ষেত্রে সেখানে গিয়ে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ ফলাফল না আসা পর্যন্ত বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। 

এদিকে, বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমানের নাগরিক, প্রবাসী, ওমান ভিসাধারী, ওমান ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন নেই এবং যারা প্রবেশের পর ভিসা পেতে পারেন- তাদের প্রাক-কোভিড-১৯ পদ্ধতি অনুসরণ করে কাউন্টিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

তবে, ১৮ বছরের কম বয়সীদের ওমান ভ্রমণের সময় পিসিআর সনদ এবং ভ্যাকসিনের প্রমাণ উপস্থাপন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ২৪ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ওমানে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ১৮টি দেশের নাগরিকদের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা হয়। পাশাপাশি ১৪ দিনের ভেতর এই রাষ্ট্রগুলোতে ভ্রমণ করেছেন এমন ব্যক্তিদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে ওমানের নাগরিক, কূটনীতিবিদ, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবার এ নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়