ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৯, ২৫ আগস্ট ২০২১
আপডেট: ২৩:৩২, ২৫ আগস্ট ২০২১

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সব পক্ষকে সংলাপে অংশ নেওয়ার আহ্বান

আফগানিস্তানে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ভিত্তিতে আফগান নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপ জরুরি।

গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে আফগানিস্তানের চলমান মানবাধিকার পরিস্থিতির ওপর অনুষ্ঠিত ৩১তম বিশেষ অধিবেশনে জেনেভাস্থ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান এ কথা বলেন।       

একটি অস্থিতিশীল আফগানিস্তান আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত রহমান বলেন, বাংলাদেশ আফগানিস্তানকে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, সমৃদ্ধ, দায়িত্বশীল ও কার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়। এ সময় তিনি একটি ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে আফগানিস্তানের পুনর্গঠন ও আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এছাড়া, তিনি দক্ষিণ এশিয়া অঞ্চলে আরেকটি মানবিক বিপর্যয় এড়ানোর জন্য জাতিসংঘকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোসহ শতাধিক দেশের অনুরোধে জাতিসংঘ মানবাধিকার পরিষদের এই বিশেষ অধিবেশন আহ্বান করা হয়। অধিবেশন শেষে ‘ইসলামী প্রজাতন্ত্র আফগানিস্তানে মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষা জোরদারকরণ’ শীর্ষক একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়