ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৯, ২ অক্টোবর ২০২১

৭ মাস পর দেশে দৈনিক শনাক্ত নামলো ছয়শোর নিচে

অবশেষে দেশে করোনাভাইরাসে দৈনিক শনাক্তের সংখ্যা নামলো ছয়শোর নিচে। দীর্ঘ ৭ মাস পর দেশে এ অবস্থা এসেছে। গত এক দিনে ৫৮৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর আগে গত ৩ মার্চ দৈনিক শনাক্ত ছয়শো ছাড়ায়। 

এদিকে গত এক দিনে করোনায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৭৪১ জন।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয় ১৭ হাজার ২৮৩টি, যাতে শনাক্তের হার ৩.৪১ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন, যাতে শনাক্তের মোট হার ১৫.৯৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৫ জন এবং নারী ৯ জন। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৭ হাজার ৫৫৫ জনের।

এদিকে গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর এর ১০ দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম তিন মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি। তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান।

গত এপ্রিল মাস থেকে বাড়তে থাকা করোনার প্রকোপ চরম আকার ধারণ করে জুলাইয়ে। এই মাসে এক দিনে সর্বোচ্চ ২৬৪ জন মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দিনে শনাক্তের সংখ্যাও ১৫ হাজার ছাড়ায়। তবে আগস্টের শেষ দিক থেকে করোনার প্রকোপ কমতে থাকে। সেপ্টেম্বর মাস পুরোটা জুড়েই করোনার প্রকোপ নিম্নমুখী রয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়