ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৮, ২২ মে ২০২১
আপডেট: ২২:৪৩, ২২ মে ২০২১

চীনের উপহারের টিকা পাবেন মেডিকেল শিক্ষার্থীরা

করোনাভাইরাস প্রতিরোধে চীন থেকে পাওয়া সিনোফার্মের টিকা দেওয়া শুরু হবে আগামী মঙ্গলবার (২৫ মে) থেকে। এদিনে ঢাকা মেডিকেল কলেজ কলেজের ইন্টার্ন ও শিক্ষার্থী চিকিৎসক এবং শিক্ষার্থী নার্সদের দিয়ে শুরু হবে টিকাদান কর্মসূচি।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম গণমাধ্যমকে জানান, ২৫ তারিখ থেকে চীনের টিকা দেওয়া শুরু হবে। সিনোফার্মের তৈরি ওই টিকা করোনাভাইরাস মোকাবিলায় ‘সম্মুখসারির যোদ্ধারা’ অগ্রাধিকার পাবেন। ওই দিন ঢাকা মেডিকেল কলেজে টিকাদানের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক, ৫ম বর্ষের শিক্ষার্থী, নার্সিং শেষ বর্ষের শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে।

দেশে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত চীনের এই টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। 

গত ১২ মে চীন থেকে উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে। দ্বিতীয় ধাপে আরও ছয় লাখ ডোজ টিকা উপহার দেবে বলে জানিয়েছে দেশটি। 

শুক্রবার (২১ মে) পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে ফোনালাপের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দ্বিতীয় দফায় টিকা উপহার পাঠানোর ঘোষণা দেন। তবে এই ৬ লাখ টিকা কবে আসবে তা জানানো হয়নি।

উল্লেখ্য, দেশে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয় চলতি বছরের ৭ ফেব্রুয়ারি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত এ টিকা দেশে আনার বিষয়ে গত নভেম্বর বাংলাদেশ সরকার, ভারতের সেরাম ইনস্টিটিউট ও সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি হয়। অগ্রিম টাকাও পরিশোধ করে বাংলাদেশ।

চুক্তি অনুসারে ৩ কোটি ডোজের প্রতিমাসে ৫০ লাখ ডোজ করে বাংলাদেশের পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ৭০ লাখ টিকা এসেছে। নরেন্দ্র মোদি সরকার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে সরবরাহ বন্ধ করে দেয় সেরাম। শেষ পর্যন্ত টিকা সংকটে বন্ধ হয়ে যায় দেশের টিকাদান কর্মসূচি।

বিকল্প উৎস না রাখায় সমালোচনার মুখে সরকার টিকার জন্য দ্বারস্থ হয় যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রতি।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশকে আরও ছয় লাখ টিকা উপহার দেবে চীন

‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের অদক্ষতায় টিকা পেতে দেরি হচ্ছে’

চীনের সিনোফার্মের টিকা কেনার নীতিগত অনুমোদন

যুক্তরাজ্যের কাছে অ্যাস্ট্রাজেনেকার টিকা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

কানাডার কাছে ২০ লাখ ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ

দ্রুত টিকা দিতে জয়শঙ্করকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

দ্বিতীয় ডোজের টিকা না আসলে কি হবে উপায়!

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়