Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২২, ২০ জুলাই ২০২২

ট্রেনের টিকেট নিয়ে অভিযোগ প্রমাণিত, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা

রেলওয়ের অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের প্রমাণ পাওয়ায় ট্রেনের টিকেট বিক্রির দায়িত্বপ্রাপ্ত কোম্পানি সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় রাজধানীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে রনির অভিযোগের শুনানি হয়। দুই পক্ষের শুনানি শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান সংবাদ সম্মেলনে এসে জরিমানার কথা জানান। এ রায়ে মহিউদ্দিন রনি সন্তোষ প্রকাশ করেছেন।

মহাপরিচালক বলেন, মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে সহজ ডটকমের অবহেলা প্রমাণিত হয়েছে। এ কারণে সহজ ডটকম-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৫ কর্মদিবসের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে।

জরিমানার পুরো অর্থের ২৫ শতাংশ (৫০ হাজার টাকা) মহিউদ্দিন রনি পাবেন বলেও জানান তিনি।

রেলপথে টিকিটবাণিজ্য ও অনিয়ম নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন ঢাবি শিক্ষার্থী রনি

তবে সহজ ডটকম যে সিস্টেমে অপারেট করে, তা কতটা স্বচ্ছ, সেখানে টিকিট কালোবাজারি হচ্ছে কিনা, তা বিশেষজ্ঞদের মাধ্যমে পর্যালোচনা করার কথা বলেছেন ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক।

শুনানি শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত রনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই রায়ে আমি সন্তুষ্ট। আমার পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আশ্বস্ত হতে পারবেন যে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের অধিকার রক্ষা করবেই।

এ বিষয়ে সহজ ডটকমের আইনজীবী মির্জা রাগিব হাসনাত জানান, তারা এই রায়ের সঙ্গে একমত নন। এই রায়কে চ্যালেঞ্জ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে ছয় দফা দাবিতে গত ৭ জুলাই থেকে কমলাপুর টিকেট কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।

তার অভিযোগ, গত ১৩ জুন বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে ঢাকা-রাজশাহী রুটের ট্রেনের টিকেট কেনার চেষ্টা করেন তিনি। তার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও ট্রেনের কোনো আসন তিনি পাননি।

পরে কমলাপুর রেলস্টেশনের সার্ভার কক্ষে অভিযোগ জানালে সেখান থেকে তাকে ‘সিস্টেম ফল’ করার কথা বলা হয় এবং ১৫ দিনের মধ্যে টাকা না পেলে আবার যেতে বলা হয়।

কিন্তু তখনই তার বুকিং করা ৬৮০ টাকার আসনটি স্টেশনের কম্পিউটার অপারেটর আরেক যাত্রীর কাছে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করেন বলে অভিযোগ রনির।

তিনি বলছেন, ওই ঘটনার বিষয়ে ১৪ ও ১৫ জুন দুবার তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন। কিন্তু সেখান থেকে কোনো সাড়া না পেয়ে ৭ জুলাই কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন।

মঙ্গলবার তিনি পদযাত্রা করে রেলের মহাপরিচালককে স্মারকলিপি দেন এবং দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনার পাশাপাশি রেল কর্তৃপক্ষকে বেঁধে দেন ৪৮ ঘণ্টা সময়।

পরে ভোক্তা অধিকার অধিদপ্তর বুধবার শুনানির আয়োজন করে। শুনানি শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়