ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৩ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৫০, ২ ফেব্রুয়ারি ২০২৬

ব্যাগে মেয়ের আধখাওয়া থেপলা! বদলে যাওয়া দীপিকার ভাবনা-জীবন

দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

গত কয়েক মাস ধরে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনকে ঘিরে নানা আলোচনা ও জল্পনা চলছে। আট ঘণ্টার বেশি কাজ না করার শর্তে অনড় থাকায় নাকি একের পর এক বড় বাজেটের ছবি হাতছাড়া হয়েছে তাঁর। সন্দীপ রেড্ডী বাঙ্গার বহুল প্রতীক্ষিত ছবি ‘স্পিরিট’ থেকে প্রথমে বাদ পড়েন তিনি। এরপর গুঞ্জন ওঠে, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিকুয়েল থেকেও নাকি বাদ দেওয়া হয়েছে দীপিকাকে। যদিও প্রথম পর্বে তাঁর চরিত্রটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শোনা যাচ্ছে, কাজের ক্ষেত্রে ‘দায়বদ্ধতার অভাব’-এর অভিযোগেই নাকি এই সিদ্ধান্ত।

এই বিতর্কের মাঝেই নিজের জীবনের বদলে যাওয়া অধ্যায় নিয়ে মুখ খুলেছেন দীপিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মা হওয়ার পর থেকে তাঁর জীবনটাই আমূল বদলে গেছে তাও ইতিবাচকভাবে।

দীপিকার কথায়, এখন তাঁর ভাবনার কেন্দ্রবিন্দু একটাই মেয়ে দুয়া। সারাক্ষণ মেয়ের কথাই নাকি মাথায় ঘুরতে থাকে তাঁর। হাসতে হাসতে অভিনেত্রী বলেন,
“আজকাল ওকে ছাড়া কিছু ভাবতেই পারি না। সেদিন দেখি, ব্যাগের ভেতর মেয়ের আধখাওয়া থেপলা! সেটাই নিয়ে ঘুরে বেড়াচ্ছি।”

শুধু তাই নয়, ছোট্ট দুয়া নাকি মাঝে মাঝেই মায়ের জন্য গানও গেয়ে শোনায় এমনই আবেগঘন মুহূর্তের কথাও ভাগ করে নেন দীপিকা।

গত বছরের সেপ্টেম্বরে কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা। বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিংহ ও দীপিকার মেয়ে দুয়ার বয়স এখন এক বছর চার মাস। মাতৃত্ব তাঁকে কতটা বদলে দিয়েছে, সে প্রসঙ্গে দীপিকা বলেন, মেয়ের জন্মের পর থেকেই তাঁর মধ্যে এক নতুন দায়িত্ববোধ তৈরি হয়েছে।

দীপিকার ভাষায়, “এত দিন কারও দায়িত্ব নেওয়ার কথা এ ভাবে কখনও ভাবিনি। কেরিয়ারের জন্য নিজের বাড়ি ছেড়েছি, কঠোর পরিশ্রম করেছি। যা করেছি, সবই নিজের ইচ্ছায় করেছি। নিজের প্রয়োজনটাই ছিল আমার প্রথম অগ্রাধিকার। কিন্তু এখন আর নিজেকে প্রথমে রাখতে পারি না। এখন ভাবতে হয় এক ছোট্ট মানুষের কথা, যে পুরোপুরি আমার উপর নির্ভরশীল। তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হচ্ছে।”

মাতৃত্ব যে দীপিকার জীবনে শুধু ব্যক্তিগত নয়, মানসিক ভাবেও এক গভীর পরিবর্তন এনেছে, তা তাঁর কথাতেই স্পষ্ট।

ইএন/এসএইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়