Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৮ ১৪৩২

প্রকাশিত: ১০:৪১, ৩১ আগস্ট ২০১৯
আপডেট: ১০:৪১, ৩১ আগস্ট ২০১৯

আগামীকাল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী

আইনিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল রবিবার। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর রমনা গ্রীনে এক সম্মেলনের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি গঠন করেন। দীর্ঘ ৪০ বছরের চড়াই-উৎরাইয়ের পথপরিক্রমায় বিএনপি আজ দেশের অন্যতম বড় রাজনৈতিক দল। ১৯ দফা কর্মসূচির আলোকে প্রতিষ্ঠার ৫ মাসের মাথায় ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করে।

জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর দলের বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির হাল ধরেন। তার নেতৃত্বে বিএনপি তিনবার ক্ষমতায় আসীন হয়। সবমিলিয়ে ১৮ বছর দেশ শাসন করেছে বিএনপি। তবে প্রথম থেকেই সুগম ছিল না বিএনপির পথচলা।

বিএনপি গঠনের মাত্র তিন বছরের মাথায় চট্টগ্রামে বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে প্রাণ হারাণ জিয়াউর রহমান। তার মৃত্যুর পর দলের বহু সিনিয়র নেতা বিশ্বাসঘাতকতা করে দল ছেড়ে যান। দলের সে দুর্যোগকালে নেতাকর্মীদের আহ্বানে বিএনপিতে যোগ দেন তৎকালীণ গৃহবধূ খালেদা জিয়া। তার নেতৃত্বে দশকব্যাপী স্বৈরাচার বিরোধী আন্দোলন করে বিএনপি। স্বৈরাচার এরশাদের পতন হলে ১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে শক্তিশালী সাংগঠনিক ভিত না থাকা সত্বেও জনসমর্থনে সরকার গঠন করে বিএনপি। ১৯৯৬ সালের স্বল্পকালীন ষষ্ঠ সংসদেও ক্ষমতায় যায় দলটি।

১৯৯৬ সালের সপ্তম সংসদে বিশাল আকারের বিরোধী দল নির্বাচিত হলেও ২০০১ সালের অষ্টম সংসদে সংখ্যাগরিষ্ঠতা পায় খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। ওয়ান-ইলেভেনের পর জরুরি সরকারের আমলে রীতিমতো রাজনৈতিক ঝড় বয়ে যায় দলটির ওপর। চেয়ারপারসন খাদেলা জিয়াসহ দলের বেশির ভাগ সিনিয়র নেতাকে কারাবন্দি করা হয়। সংস্কার প্রক্রিয়ার নামে দলের ভাঙ্গন ধরানোর চেষ্টা চলে।

২০০৯ সালের নবম জাতীয় নির্বাচনে ভূমিধস পরাজয় হয় বিএনপির। এরপর এখন পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি বিএনপি। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে দাবিতে ২০১৪ সালে অনুষ্ঠিত একতরফা নির্বাচন বর্জন করেছে দলটি।

কর্মসূচি: ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ সেপ্টেম্বর পূর্বঘোষিত র‌্যালির অনুমতি পেয়েছে দলটি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় থেকে র‌্যালির মৌখিক অনুমতি দেয়া হয়েছে বলে দল থেকে জানানো হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়